সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ ১জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার চোরাই ফার্নিশ তেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (১০জানুয়ারি) রাতে র্যাবের একটি বিশেষ দল আঁটিগ্রামের ছাপাখানা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (২৮) নামের তেলচোর চক্রের ওই সদস্যকে গ্রেফতার করে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, আঁটিগ্রামের চোরাই তেল ব্যবসায়ী হান্নান প্রধান দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা করে আসছে। তেল চুরি সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। হান্নান প্রধান মাটির নিচে ৫০ থেকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংকার বানিয়ে চুরি করে তেল মজুদ করে। এখান থেকে অবৈধভাবে বিভিন্ন এলাকায় বিক্রি করে। ১০ জানুয়ারী, রোববার অভিযান চালিয়ে চোরাই তেল বহনের কাজে ব্যবহৃত একটি ট্যাংকার ট্রাকও জব্দ করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব -১১।











