আমি কারো জমি দখল করিনি: জাপা নেতা জয়নাল আবেদীন 

আমি কারো জমি দখল করিনি: জাপা নেতা জয়নাল আবেদীন 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ চর্চা পত্রিকায় জমি সংক্রান্ত বিষয়ে জাতীয় পার্টি নেতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনকে জড়িয়ে ভূয়া ও মিথ্যা সংবাদ প্রকাশের দাবীতে সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।
বুধবার (৩০শে ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সদর থানা সংলগ্ন আল-জয়নাল প্লাজার ৫ম তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন দাবি করে বলেন, আমি কারো জমি দখল করিনি। নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের পূর্ব পার্শ্বে আমার সম্পত্তিতে অবৈধভাবে জোর পূর্বক ঘর নির্মান করার জন্য ইট, বালু সহ নির্মান সামগ্রী এনে জড়ো করে নাজমা বেগম। তিনি ঘর তুলতে চাইলে আমার লোকজন এ ব্যাপারে জিজ্ঞেস করলে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকী ধামকী প্রদান করে। পরবর্তীতে এ ব্যাপারে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করলে তিনি নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেল এর নিকট বিষয়টি মিমাংসা করার জন্য হস্তান্তর করেন। নাজমা বেগমকে থানায় আসতে বললে তিনি বিভিন্ন অজুহাতে থানায় না এসে ঘর তোলার পায়তারা করেন এবং ঘর তুলতে বাঁধা দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটাবার হুমকী প্রদান করেন। অথচ নাজমা বেগমের নিকট তার স্বামী ওমর ফারুক কর্তৃক প্রাপ্ত ২.৬৪ শতাংশ জমির দলিল ছাড়া আর কোন দলিল পত্র নেই।
তিনি আরো বলেন, তিনি মানুষের কাছে মিথ্যা রটনা করেছেন যে আমি তার স্বামীকে মারধর করেছি এবং তার কাছে এক লক্ষ টাকা দাবী করেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কখনো কারো জমি আত্মসাৎ করিনি এবং কারো কাছ থেকে কখনো কোন চাঁদা দাবী করিনি। তাই এ ব্যাপারে সে যেসকল গুজব রটিয়েছে তা শুধুই মনগড়া ও তার নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব করা হয়েছে। আমি এ বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।