৯ তারিখের জনসভায় মেয়রকে আমন্ত্রণ জানালেন শামীম ওসমান

শেখ আরিফ, বন্দর প্রতিনিধি : বন্দর আগামী ৯ জানুয়ারি ডাকা জনসভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর ঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে মেয়র আইভীকে এ আমন্ত্রণ জানান। বন্দর থানা আওয়ামী লীগের ব্যানারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শামীম ওসমান বলেন, ‘সবাইকে দাওয়াত দিলাম। জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম। উনি তো জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি প্রধান অতিথি হিসেবে থাইকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করবো, আপনি আসেন, একসাথে কাজ করেন। সম্পত্তি খাওয়া বন্ধ করেন।’
মেয়রকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘কেউ কয় খোকন সাহার নামে নাকি মামলা করবে। মামলা খাইতে খাইতে, জামিন করাইতে করাইতে যারা ভূত হইয়া গেল তাদের মামলার ভয় দেখায়। প্রকৃত আওয়ামী লীগারদের যাচাই-বাছাইয়ের সময় আসছে। এখন তো দুই নম্বর আওয়ামী লীগের ঠেলায় এক নম্বর আওয়ামী লীগ কোনায় পইড়া যায়।’
তিনি বলেন, ‘আরেকবার মাঠে নামার দরকার আছে। ৯ জানুয়ারি এই নারায়ণগঞ্জে আমরা ঘন্টা বাজাবো। নারায়ণগঞ্জে ঘন্টা বাজালে সারা বাংলাদেশে বাজবে। এমন ঘন্টা বাজাবো যেন ষড়যন্ত্রকারীদের বুকের পাজর বন্ধ হয়ে যায়। যারা দেশ বেইচা খাইতে চাও তাদের উদ্দেশ্যে বলবো সেদিন।
সভায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, মহানগর আ‘লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা,বন্দর উপজেলা আ‘লীগ সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন,সাধারন সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান,মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু,কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,সাংগঠনিক সম্পাদক খান মাসুদ ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সালামসহ নেতৃবৃন্দ।











