সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড সড়কের আদমজী ইপিজেডের সামনে থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, থানা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল, আহম্মেদ আজিজ ও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।











