বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে না’গঞ্জ জেলা আ'লীগের বিক্ষোভ 

ধর্মের নামে ভন্ডামি করবেন না: আব্দুল হাই

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, যার ডাকে সাড়ে সাত কোটি মানুষ একত্র হয়েছিল, সেই নেতার ভাস্কর্যে আঘাত মেনে নেওয়া যায় না। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মঙ্গলবার (৮ই ডিসেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের মানববন্ধনে তিনি এ কথা বলেন৷
এছাড়াও তিনি আরো বলেন, আমি বুঝতে পাললাম না এই বিজয়ের মাসে এমন ঘটনা কেন ঘটলো। ১৫ই আগস্টের পরে আরও আগস্ট গিয়েছে। উগ্র মৌলবাদীর পক্ষ থেকে ১৭ই আগস্ট গ্রেনেড ও বোমা হামলা চালানো হয়েছিল। ২১শে আগস্ট আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এ কথা আমাদের ভুলবার নয়। আমাদের ২৪ জন নেতাকর্মীকে হত্যা ও ২০০ কর্মীকে আহত করা হয়েছে।
আব্দুল হাই বলেন, বিভিন্ন ইসলামিক রাষ্ট্রসহ পাকিস্তানেও ভাস্কর্য আছে কিন্তু তারা তো সেই ভাস্কর্য ভাঙ্গার কথা বলে না। ইরাক, তুরস্ক, মালয়েশিয়া মুসলিম অধ্যুষিত দেশে ভাস্কর্য আছে কিন্তু তারা তো প্রতিবাদ করেন না। সেখানে কোন প্রতিবাদ হয় না তার মানে কি তারা মুসলমান না অমুসলমান, নিশ্চয়ই না। সুতরাং এইসব বাদ দেন, ধর্মের নামে ভন্ডামি করবেন না ৷
মানববন্ধনের আগে নগরীর ২নং রেলগেট হতে বিবি রোড প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়৷
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, ঢাকা কলেজের সাবেক ভিপি ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহমেদ ভূইয়া ও জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির প্রমুখ ৷