সরকারী চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণা: গুলশান থেকে গ্রেফতার ৪

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: গোপনসূত্রের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল রাজধানীর গুলশান ২নং চত্বর মেট্রোপলিটন শপিং প্লাজায় প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধায় অভিযান চালিয়ে এই ৪ জনকে গ্রেফতার করে ব্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আনিসুর রহমান (৩২), মোঃ জহিরুল ইসলাম (২৩), মোঃ শামসুল হুদা ননাই (৫৩) ও মোঃ হান্নান ইমন (৩২)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১ পাতা চাকুরীর ভুয়া নিয়োগপত্র, ০১টি সীল, ০১টি মনিটর, ০১টি সিপিইউ, ০১টি প্রিন্টার, ০১ডঁ মাউস, ০১টি কী-বোর্ড ও ০১টি পেনড্রাইভ যার মধ্যে রক্ষিত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ১০টি ভুয়া নিয়োগপত্র প্রিন্টপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এই সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে বিভিন্ন সরকারী অফিস, মন্ত্রণালয় ও সরকারী বিভিন্ন অধিদপ্তরে চাকুরীর ভুয়া নিয়োগের বিজ্ঞাপন দিয়ে জালিয়াতির মাধ্যমে সরকারী কর্মকর্তার নাম ও পদবীর সীল জাল করে চাকুরী প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছে।
র্যাব জানায়, এই প্রতারক চক্রের মূলহোতা মোঃ আনিসুর রহমান। সে গ্রেফতারকৃত অন্যান্য আসামীদের সহযোগিতায় গুলশান ২নং গোল চত্বরের মেট্রোপলিটন শপিং প্লাজার ৯নং ন্যাশনাল কম্পিউটারের দোকানে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে চাকুরী প্রত্যাশী সহজ সরল মানুষদের বিশ^াস ভঙ্গ করে চাকরীর প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। চাকুরী প্রত্যাশীদের ডেকে নিয়ে এসে বিভিন্ন ভূয়া নিয়োগপত্র প্রদর্শন করে ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করে। চাকুরী না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি প্রদর্শন করে প্রতারক চক্রটি।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারী বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ভুয়া নিয়োগের ফাঁদে ফেলে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার গুলশান থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।











