র‌্যাবের হাতে রূপগঞ্জ থেকে ৫ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

রূপগঞ্জ থেকে র‌্যাবের হাতে ৫ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

 

রুপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহন থামিয়ে চাঁদা আদায়কালে ৫ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১ ।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রূপসী সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সোহান (২০), মোঃ রানা মিয়া (২৩), খোরশেদ আলম (৪৫), মোঃ ফয়সাল মিয়া (১৯) ও মোঃ লিয়ন ইসলাম (১৯)। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার টাকা ও ২২টি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

 

জসিম উদ্দীন চৌধুরী বলেন, উপস্থিত সাক্ষী ও ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রূপগঞ্জের রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালক ও হেলপারদেরদের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৬ হাজার টাকাসহ ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে অবৈধভাবে রূপগঞ্জের রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।