সম্মিলিত ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করছে না ইবি

সম্মিলিত ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করছে না ইবি

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি), প্রেসবাংলা২৪.কম: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ না করে প্রচলিত পদ্ধতিতেই পরীক্ষা গ্রহনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিক্ষা কমিটির ১ম সভা আজ সোমবার (০৯ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভর্তি পরিক্ষা কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ-এর সঞ্চালনায় বেলা ১১টায় শুরু এ সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, এবং হল প্রভোস্টবৃন্দরা।

সভায় ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ বছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এর আগে দেশের চারটি সায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় ঢাবি, রাবি, চবি এবং জাবি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহন করে। ৫ম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আজ একই সিদ্ধান্ত গ্রহন করলো।