ঢাকা, গাজীপুর ও না’গঞ্জ সিটি কর্পোরেশন পেল রোড সুইপার মেশিন

ঢাকা, গাজীপুর ও না’গঞ্জ সিটি কর্পোরেশন পেল রোড সুইপার মেশিন

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । তারই ধারাবাহিকতায়  রাস্তাঘাট পরিচ্ছন্ন করতে সনাতন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির দিকে যাচ্ছে সিটি করপোরেশনগুলো। ঢাকার দুই সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে রোড সুইপার মেশিন তুলে দিলেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

 

গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বুধবার (৩০ সেপ্টেম্বর) এই সিটি করপোরেশনগুলোকে আধুনিক সুইপার মেশিন হস্তান্তর করেছে স্থানীয় সরকারমন্ত্রী ।

ইতালির ডুলেভোর তৈরি রোড সুইপার মেশিনে জাপানের কবুতা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মেশিনটি চালাতে প্রতি ঘণ্টায় গড়ে ৪ লিটার ডিজেল খরচ হবে। মেশিনটি ১ টন ময়লা বহন করতে পারবে। রাস্তায় পানি ছিটানোর জন্য এতে রয়েছে ২০০ লিটারের একটি পানির ট্যাংকি।

 

এসব মেশিন সরবরাহ করেছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। বুধবার ঢাকার দুই সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে এসব গাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী সিটি করপোরেশনেও সুইপার মেশিন দেওয়া হবে।

 

আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে পরিচ্ছন্নকর্মীদের ঝুঁকি কমবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । শুধু তাই নয় ধুলোর শহরে কমবে মানুষের ভুগান্তিও।