কাশীপুরে ঘুড়ি উৎসব

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুরে ঘুড়ি উৎসবে মেতেছিল যুবকরা। কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতামূলক এ উৎসবে প্রাণবন্ত হয়ে উঠে চর কাশীপুরের ওরিয়ন গ্রুপের মাঠ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নদী তীরবর্তী কাশবন উৎসবমুখর হয়ে উঠে। বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে যৌথভাবে এ আয়োজন করে কাশীপুর শেখ বাড়ি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন – আলোকিত কাশীপুর।
আয়োজকরা জানান, দশজন খেলোয়াড় সমানসংখ্যক ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়। উৎসব শেষে সন্ধ্যায় কাশীপুর খিলমার্কেট এলাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কাজী সোহাগ, শেখ আঃ জব্বার, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ এলাহী বক্স প্রমুখ।
উৎসবের বিচারক ও অনুষ্ঠানের অতিথি মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, সময়ের সাথে সাথে আমাদের গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে। কিশোর ও যুবকরা মাঠের অভাবে মোবাইলে এবং মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন কিশোর যুবকদের গ্রামীণ খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিবে, তেমনি তাদের মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।











