আড়াইহাজারে ডাকাতরা চালক ও হেলপারদের কুপিয়ে কাবার্ড ভ্যান ফেলে যায়

আড়াইহাজারে ডাকাতরা চালক ও হেলপারদের কুপিয়ে কাবার্ড ভ্যান ফেলে যায়

প্রতিনিধি আড়াইহাজার, প্রেসবাংলা২৪ডটকম: ভুলতা থেকে মদনপুর যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়া অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর কাবার্ড ভ্যানটির চালক ও হেলপারদের কুপিয়ে আহত করে চালক,হেলপারসহ ভ্যানটি আড়াইহাজারে পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতদল।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ঢাকা মতিঝিল অফিসের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, ১১ জুলাই শনিবার সকালে তাদের কোম্পানীর বিভিন্ন প্রকারের বিস্কুট জাতীয় মালামাল নিয়ে কাবার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-৪৪৫৫) টি নরসিংদীর বারিচা, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও ভুলতায় মালামাল নামিয়ে দিয়ে রাত ১০টার দিকে ভ্যান চালক ও হেলপার গাড়িটি নিয়ে তাদের মদনপুর অফিসে যাত্রা করে। তারা ভুলতা থেকে কিছু দূর আসলে এশিয়ান হাইওয়ে মহসড়কে তাদের গাড়িটি গতিরোধ করে ৫জন ব্যক্তি। পরে তারা ধারালো অস্ত্রের ভয় দেখাইয়া ভ্যানটি নিয়ন্ত্রন তাদের হাতে নিয়ে নেন। ডাকাতদল ভ্যানটিকে সোনারগা উপজেলার বস্তল দিয়ে আড়াইহাজার-নরসিংদী সড়কে চালিয়ে আসতে থাকে। পথিমধ্যে চালক ও হেলপার চিৎকার দিলে ডাকাতদল চালক কামির(২৮) ও হেলপার হাকিম (১৮) কে  মাথায়, বুকে, পিঠে ও হাতে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ভ্যানে ফেলে রাখে।

 

ভ্যানটি আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা পায়রা চত্ত্বরে আসলে এখানে বহু লোকজন দেখে চালক ও হেলপার ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকে। ঐ সময় স্থানীয় লোকজন ভ্যানটি থামানোর চেষ্টা করে। পরে তারা ভ্যানটির পিছু ধাওয়া করলে ডাকাতদল ভ্যানটি চালিয়ে বড় দিঘিরপাড় চৌরাস্তার দিকে আসলে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি বড় দিঘিতে পড়ে যায়। স্থানীয় লোকজন ভ্যানের ভিতর থেকে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঐ সময় ডাকাতরা সাতরিয়ে পুকুর পাড়ি দিয়ে পালিয়ে যায়। আহত চালক ও হেলপারের অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কোম্পানীর ম্যানেজার সাইফুল ইমলাম জানান। আহত চালক কামির ময়মনসিংহের নান্দাইলের নুরুল ইসলামের ছেলে এবং হেলপার আঃ হাকিম কিশোরগঞ্জের আবুল কাশেমের ছেলে।

 

ম্যানেজার সাইফুল ইসলাম জানান, তাদের কাবার্ডভ্যানে বিভিন্ন দোকান থেকে ফেরত নষ্ট ও পরিত্যক্ত বিস্কুট জাতীয় মালামাল ছিল। তার ধারনা কাবার্ডভ্যানটির লোভেই ডাকাতরা এ কাজ করতে পারে। ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকায় হওয়ায় সেই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর কর্তৃপক্ষ। তবে গাড়ি উদ্ধারের ঘটনায় আড়াইহাজার থানায় সাধারন ডাইরী করেছেন বলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান।