ত্রাণের দাবীতে না’গঞ্জ ডেকোরেটর শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১২ মে মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ত্রাণের দাবিতে ডেকোরেটর শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা সভাপতি এম এ শাহীন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ২ মাস যাবৎ নারায়ণগঞ্জে ডেকোরেটর শ্রমিকদের কোন কাজ নেই। যার যা সঞ্চিত টাকা পয়সা ছিল তা শেষ হয়েছে। অনেকে আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাতবরাত  করে দিন কাটিয়েছেন। এখন কেউ হাওলাতও দেয় না। ত্রানের উদ্দেশ্যে মাননীয় জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র দিয়েছিলাম, তার কোন ফলাফল এখনও পাইনি। শ্রম অধিদপ্তরে আবেদন দেওয়া হয়েছিল তারও কোন ফলাফল পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের ডেকোরেটর শ্রমিকরা সিটি কর্পোরেশন অথবা সরকারি কোন ধরনের ত্রান কেউ পায় নাই। এমতাবস্থায় ডেকোরেটর শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে আছে। এই ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রায় ৩০০ শ্রমিক পরিবার চরম দুর্বিসহ জীবন পার করছে। সরকারের বিভিন্ন মহল থেকে এত যে ত্রাণ দেবার প্রচার করা হচ্ছে ডেকোরেটর শ্রমিকরাতো তা চোঁখে দেখছে না।
এই কারনে প্রেসক্লাবের সামনে মানবিক সাহায্যের দাবিতে আমাদের মানববন্ধন করতে হচ্ছে। ডেকোরেটর শ্রমিকদের বাঁচাতে জেলা প্রশাসকসহ সরকারি সকল মহলের কাছে জোড় দাবী জানাচ্ছি।