বক্তাবলীতে ঝুঁকি নিয়ে চলছে উপ-স্বাস্থ্য কেন্দ্র সেবা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঝুঁকি নিয়ে চলছে সদর উপজেলার বক্তাবলীর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসেবসা। একদিকে করোনা আতঙ্কে চিকিৎসকরা যখন নিজেদের গুটিয়ে নিয়েছেন তখন ওই স্বাস্থ্য কেন্দ্রে একাই চিকিৎসা দিয়ে যাচ্ছেন সহকারী চিকিৎসক ডা. গোলাম সারোয়ার।

 

নদীবেষ্টিত দূর্গম এই অঞ্চলের স্বাস্থ্যসেবার জন্য এই কেন্দ্রটির উপর ভরসা করেন দুটি ইউনিয়নের বাসিন্দারা। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে আসায় কেন্দ্রটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বাস্থ্য কেন্দ্রটির উপ – সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার গোলাম সারোয়ার পারসোনাল প্রোটেকশন ইক্যুপমেন্ট (পিপিই) ছাড়াই সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা দিচ্ছেন। তার এ ভূমিকা এতদঅঞ্চলে বেশ প্রশংসিত হয়েছে। দুর্দিনে চিকিৎসা সেবা দিয়ে সব শ্রেণি পেশার মানুষের মনে স্থান করে নিয়েছেন।

 

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক ডাঃ গোলাম সরোয়ার বলেন, এই উপ – স্বাস্থ্য কেন্দ্রটিতে এমনিতেই লোকবল সংকট, ফার্মাসিস্ট এর পদ শুন্য একজন অফিস সহায়ক আছেন তিনিও বাক প্রতিবন্ধী। এই উপ – স্বাস্থ্য কেন্দ্রে মুন্সিগঞ্জ জেলার বালুচর ইউনিয়ন সহ আলীরটেক ইউনিয়নের লোকজনও আসেন চিকিৎসা নিতে। যদি পিপিই এর জন্য চিকিৎসাসেবা বন্ধ থাকে তবে বিপুল সংখ্যক মানুষ সঙ্কটে পড়বে। তাই কিছুটা ঝুঁকি নিয়েই সেবা দেয়ার চেষ্টা করছি।

 

তিনি আরও জানান, ডিপ্লোমা চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এ্যাসোসিয়েশন এর সভাপতি ডাঃ এম সাহিদুর রহমান জাতির এই দুঃসময়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে সবাইকে অনুরোধ করেছেন। তবে সকল চিকিৎসকদের পিপিই দেয়ারও দাবি জানিয়েছেন ডা. এম সাহিদুর রহমান।