করোনা উপসর্গ নিয়ে না’গঞ্জের এক ব্যবসায়ীর মৃত্যু

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের মিশনপাড়ার সিদ্দিকুর রহমান নামের এক ব্যবসায়ী ‘করোনার ভাইরাসের উপসর্গ’ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ব্যবসায়ী সিদ্দিকুর মারা যান।
নিহত সিদ্দিকুর রহমান শহরের মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুর ঘনিষ্ঠজন। তিনি গেল কয়েকদিন ধরেই জ্বর সর্দি শ্বাস কষ্টে ভুগছিলেন। পরে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে করোনা সন্দেহে কুর্মিটোলায় ভর্তি করা হলে এদিন তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
তিনি নগরীর মিশনপাড়া এলাকায় নিজ মালিকানাধীন তিনতলা ভবনে থাকতেন । গত ১০ দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি ।
পরিবারের বরাতে স্থানীয় জনপ্রতিনিধি নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, গত দশদিন যাবত তিনি করোনার লক্ষণ জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার। কিন্ত সোমবার রাতে তার অবস্থা বেগতিক দেখে সিএনজিতে করে শহরের মেডিনোভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে ভর্তি করা হয় তাকে।
কাউন্সিলর শকু আরও বলেন, তাদের পরিবারের কেউই সম্প্রতি বিদেশে যাননি বা ফেরেননি । তার লাশ এখনও হাসপাতালে রয়েছে। করোনার সব ধরনের উপসর্গ তার ছিল । তবে পরীক্ষার রিপোর্ট না পেয়ে কিছু বলা যাবে না। সিভিল সার্জন, ওসি এবং আমরা মিশনপাড়া এলাকাটিকে লকডাউন করে দিয়েছি ।











