বিএনপিকে ‘দুই মিনিট’ সময়ও দেয়নি পুলিশ!

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিক্ষোভ সমাবেশ করার জন্য পুলিশের কাছে ‘দুই মিনিট’ সময় চেয়েও পায়নি মহানগর বিএনপির নেতারা। সমাবেশ করতে এসে পুলিশ বাধা দিলে ম্যানেজ করার চেষ্টার পরে অসহায় আত্মসমর্পন করে ফিরে গেছেন বিএনপি নেতারা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন যাবৎ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভের আহ্বান।

 

একই উদ্দেশ্যে সকাল সাড়ে দশটায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দক্ষিন পাশের গলিতে জড়ো হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি অ্যাড. জাকির হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ টিপু, সহপ্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, দপ্তর সম্পাদক ইসমাইল মিয়া উপস্থিত ছিলেন।

 

একই স্থানে আগেই অবস্থান নিয়েছিল সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল হাইয়ের নেতৃত্বে এক দল পুলিশ। বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভের জন্য দাড়াতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে দুই মিনিট সময় চাইলে তাতে রাজি না হয়ে নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। পরে বিক্ষোভ না করেই স্থান ত্যাগ করে চলে যান বিএনপি নেতাকর্মীরা।

 

এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশে তো আর আইনের সুবিচার নাই। সবই তো সরকারদলীয় লোক। প্রশাসনেও একই। বিক্ষোভ করতে দিলো না, ব্যানার ছিনাইয়া নিলো। এটা কি গণতন্ত্র? দেশে তো গণতন্ত্র নাই। শান্তিপূর্ণ একটা কর্মসূচি তারা আমাদের করতে দেয় না।

 

কামালও আরও বলেন, এখানে তো প্রতিপক্ষ আওয়ামী লীগ না, প্রতিপক্ষ রাষ্ট্রীয় একটি বাহিনী।