ছাত্রলীগ পরিচয়ে ‘টর্চারসেল’ নিয়ে উদ্বেগ!

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ছাত্রলীগ পরিচয়ে নগরীতে ‘টর্চারসেল’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সুশীল সমাজ। প্রভাবশালী এক এমপির পুত্রের ‘আস্থাভাজন’ পরিচয়ে দাপিয়ে বেড়ানো ওইসব কর্মীরা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে তাতে আবারও ইমেজ সঙ্কটে পড়ল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন।

 

নগরীর আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পরে ‘টর্চারসেল’ নিয়ে আলোচনায় উঠে আসে। শাহজাহান নামের এক জুয়ারীকে দশ লাখ টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে নির্যাতনের পরে নতুন করে আবারও আলোচনায় এলো টর্চারসেল।

 

রোববার রাতে অপহরণের পর তিনঘণ্টা পরে জুয়ারি শাহজাহানকে উদ্ধার করে র‌্যাব-পুলিশের একটি টিম। অপহরণের অভিযোগে গ্রেফতার করা তিনজন হলো-পাইকপাড়া পুল এলাকার আলাউদ্দিনের ছেলে মো. সানি (২৮), বিবি রোডের মৃত নাছির আহম্মেদের ছেলে মো. হানিফ নাঈম নিপুণ (৩০) এবং দেওভোগ আখড়া দিঘির পাড় এলাকার বাবল বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২৯)। এরা প্রত্যেকেই নিজেদের ছাত্রলীগের কর্মী ও প্রভাবশালী এক এমপির পুত্রের আস্থাভাজন বলে এলাকায় পরিচিত।

 

এ প্রসঙ্গে সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শাজাহান নামে একজনকে উদ্ধারসহ তিনজনকে আটক করেছি। তবে, মামলা বা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।