নারীদের অধিকার এখনও অধরা: মেনন

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মেয়েরা সব ক্ষেত্রেই এগিয়েছে অনেক। কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এখনও অধরা রয়ে গেছে। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, তাপসী রাবেয়া অথবা ফজিলাতুন্নেসা মুজিব যাদের নামে এই স্কুলের বিভিন্ন হাউজ রয়েছে, তাদের জীবনী পড়লেই দেখা যায় তারা কেবল নারীর অধিকার নয়, জনগণের অধিকারের বিষয়েও তারা সংগ্রাম করেছেন এবং তাদের সেই অবদান এখনও আমরা অস্বীকার করতে পারি না। বিশেষ করে বেগম রোকেয়া নারীদেরকে অবরোধের আড়াল থেকে বাইরে নিয়ে এসেছিলেন।

 

রোববার (১৯ জানুয়ারি) সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক জনাব সাখায়েত হোসেন বিশ^াস প্রমুখ।

 

তিনি আরও বলেন, এখন আমরা নিজেরাই অবরুদ্ধ হয়ে পড়ছি। নানাবিধ ফতোয়াবাজী, নানাবিধ কারণে এবং নিজেদের অভ্যাসবসত বটেই। মেয়েদেরকে আজকে অবশ্যই কেবল লেখাপড়ার ক্ষেত্রে নয়, ক্রীড়া ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই পুরুষের সাথে সমানে তাদের পাশে দাঁড়াতে হবে। নারী-পুরুষ উভয় মিলেই এই বাংলাদেশটিকে আমরা সুবর্ণজয়ন্তীতে একটি সত্যিকার অর্থেই অসাম্পদ্রায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো।