আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ

​বুধবার (২৪ জুন) সকালর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​বিক্ষোভ মিছিলে মহানগর যুবদল ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও থানার বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

​সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “আওয়ামী লীগ দেশে আবার নতুন করে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো দেশবিরোধী চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের অধিকার হরণকারী কোনো শক্তিকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”

​সদস্য সচিব শাহেদ আহমেদ তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদল সবসময় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

​সমাবেশে মহানগর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার এবং যেকোনো পরিস্থিতিতে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।