নারায়ণগঞ্জে যুবকের কাছে মিলল ৩ কোটি টাকার হেরোইন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইনসহ মাসুম সরকার (১৯)কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেফতার মাসুম সরকার কুমিল্লার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, রোববার (১৫ জানুয়ারি) গভীর রাতে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্ধু পরিবহন কাউন্টারের সামনে মাসুম সরকারকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।