প্রধানমন্ত্রীকেও ২১ বার হত্যার জন্য চেষ্টা চালানো হয়েছে: শামীম ওসমান

প্রধানমন্ত্রীকেও ২১ বার হত্যার জন্য চেষ্টা চালানো হয়েছে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা এমন জাতি যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাকেই সাড়ে তিন বছর পর মেরে ফেলি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ বার হত্যার জন্য চেষ্টা চালানো হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ১৯৭৯-৮০ সাল থেকে জেলখাটা শুরু করেছি। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন বাংলাদেশের পতাকা ওড়ানোর জন্য। আমরা সেটা ভুলে গেছি হয়তো। আমার বয়স হয়ে যাওয়ায় বর্তমানে মানুষ যা চায় আমি শামীম ওসমান তা করতে পারছি না। ১৯৯৬ সালে আমি একাই সব পারতাম। আমার পুলিশের কোনো প্রয়োজন ছিল না।

শামীম ওসমান বলেন, বাবা-মা থাকা মানে মাথার ওপর বটগাছের ছায়া থাকে। এখনকার সন্তানদের বলছি জীবিত থাকা অবস্থায় তাদের সেবা করুন। যখন মা-বাবা থাকবে না তখন বুঝবেন তারা কত আপন।

সম্মাননা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।

শিফা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আরটিভির জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, জাতীয় ওলামা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি ওমর ফারুক সন্দ্বীপী, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিনসহ অনেকে।