৪ বছরের অসহায় শিশুর হার্টে ছিদ্র, চিকিৎসার খরচ দিলেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: চার বছরের শিশু জাহিদুলের হার্টে ছিদ্র ও ব্লক। চিকিৎসা করতে লাগবে তিন লাখ টাকা। শিশু জাহিদুলের বাবা সামান্য দিনমজুর। তাই সন্তানের জন্য দিনরাত কান্নকাটি আর মৃত্যুর প্রহর যেন গুনছিল পরিবারটি। এক কান দু’কান করে গণমাধ্যম কর্মী তানভীর হোসেনের মাধ্যমে শিশু জাহিদুলেরর চিকিৎসা অসামর্থ্যরে কথা জানতে পারেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। পরে শিশুটির চিকিৎসকের সাথে আলাপ করে জাহিদুলের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
ভুক্তভোগী চার বছরের শিশু জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর ব্যাংক কলোনী এলাকার দিনমজুর পারভেজ মিয়ার ছেলে।
শিশু জাহিদুল ইসলাম প্রসঙ্গে সালমা ওসমান লিপি শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বলেন, ‘বাংলাদেশে একজনই ডাক্তার আছে যিনি এ ধরনের রোগীদের অপরাশন করেন। আমি ওই ডাক্তারের ব্যক্তিগত সহকারীর সঙ্গে একাধিকবার কথা বলে নিশ্চিত করি শিশুটির অপারেশনের জন্য। পরে ডাক্তার রাজি হয়েছেন আগামী ১৮ এপ্রিল অপারেশন করবেন। পরিবার থেকে ৫০ হাজার টাকা জোগাড় করেছে তবে বাকি টাকা আমি দিয়ে দিয়েছি। আশা করছি আল্লাহর রহমতে শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
শিশুর জাহিদুলের বাবা পারভেজ মিয়া বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে জাহিদুল অসুস্থ্য হয়ে পড়লে তাকে ডাক্তার দেখানো হয়। ওইসময় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জাহিদুলের হার্টে ছিদ্র ও ব্লক বলে জানান। এর জন্য দ্রুত অপারেশন করতে হবে। অন্যথায় জাহিদুলকে বাঁচানো সম্ভব না। এরজন্য ডাক্তার ৩ লাখ টাকা খরচ হবে জানান। এতো টাকা খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘আমি দিনমজুর। দিনে যখন যে কাজ করে যত টাকা পাই তা দিয়ে সংসার ঠিক মতো চলে না। সন্তানরে কিভাবে বাঁচাবো। তারপরও যা কিছু ছিল সব বিক্রি করে ও মানুষের কাছ থেকে ধার দেনা করে ৫০ হাজার টাকা মিল করি। কিন্তু আরো আড়াই লাখ টাকা কোথায় পাবো? এজন্য আমার সন্তানকে বাঁচানোর আশাই ছেড়ে দিয়ে ছিলাম।
তিনি আরো বলেন, ‘ম্যাডামের (লিপি ওসমানের) সহায়তায় আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি ও তার পরিবারকে আল্লাহ ভালো রাখুক।











