আড়াইহাজারে চালককে খুন করে অটো রিকশা ছিনতাই

আড়াইহাজারে চালককে খুন করে অটো রিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সবুজ (২৪) নামে এক ব্যাটারী চালিত অটো রিকশা চালককে খুন করে গাড়ি ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে উপজেলার তিলচন্দী এলাকা হতে নিহতের হাত, পা এবং মুখ বাধা অবস্থায় সবুজের লাশ উদ্ধার করে।
নিহত সবুজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানায় সোমবার রাত ৮টার  দিকে তার সাথে শেষ কথা হয়। রাতে সবুজ বাড়িতে না ফিরে গেলে রাত ১০ টার দিকে তাকে ফোন করলে সে আর ফোন রিসিভ করেনা। অনেক খোজাঁখুজির পর তাকে না পেয়ে  এলাকার লোকজন মঙ্গলবার ভোরে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের তিলচন্দী এলাকায় পাকা রাস্তার ধারে হাত, পা এবং মুখ বাধা অবস্থায় সবুজের লাশ দেখতে পান। পরে ঘটনাটি থানা পুলিশকে অবগত করলে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে সবুজের লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রাথমিক ধারনা সবুজকে হাত, পা, মুখ বেধে শাস্বরোধে এবং আঘাত করে হত্যা করে তার অটো-গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। হত্যাকান্ডের জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।