মোবাইল না কিনে দেওয়ায় অভিমান করে কিশোরীর আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিতা ও সৎ মায়ের কাছে মোবাইল কেনার বায়না ধরে না পেয়ে অভিমান করে আনিকা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ১০ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকার ইব্রাহিমের কিশোরী কন্যা আনিকা তার পিতা ও সৎ মায়ের কাছে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু অভাবের সংসারে পিতা ইব্রাহিম ও সৎ মা জান্নাতি তার এ বায়নায় সায় না দিয়ে তাকে বকাঝকা করে। সকাল ৯টার দিকে তাদের ঘরের দরজা বন্ধ দেখে পিতা-মাতা ও বাড়ির লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখতে পান ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে আনিকা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
থানা পুলিশের উপপরিদর্শক রিয়াজ হোসেন জানান, নিহত আনিকা উপজেলার দুপ্তারা এলাকায় সামির আলীর স্পিনিং মিলের শ্রমিক হিসেবে কাজ করতো। তার আয় করা টাকা দিয়ে মোবাইল ক্রয় করতে না পারায় তার মন খারাপ ছিল।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হচ্ছে।











