ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডিতে চ্যাম্পিয়ন না’গঞ্জ জেলা পুলিশ

ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডিতে চ্যাম্পিয়ন না’গঞ্জ জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম:  ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২০ এর চুড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
সোমবার (২৮ ডিসেম্বর) জেলা পুলিশ লাইন্সের মাঠে  চুড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও নরসিংদী জেলা পুলিশ কাবাডি দল।
প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল। খেলায় ৫৪-৩৪ পয়েন্টে নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান  উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব তানভীর আহমেদ টিটু। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), নারায়ণগঞ্জ জনাব সুভাস চন্দ্র সাহা। টিমের কোচ ছিলেন এএসআই মোঃ ফজলুল হক। নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী জনাব শাহেদ আহমেদ এবং কোচ ছিলেন এএসআই মোঃ বাচ্চু মিয়া।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডিআইজি জনাব হাবিবুর রহমান। পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলের চৌকস খেলোয়াড় জনাব আসাদ এবং সেরা রেইডার হিসেব পুরস্কৃত হন একই দলের মশিউর রহমান।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ মিহির এবং তাঁকে সহযোগিতা করেন রেফারি সর্ব জনাব প্রদীপ কুমার, পঙ্কজ কুমার বিশ্বাস, মাহবুব হোসেন বিজন, আরিফুল ইসলাম এবং শারমিন বেগম।