বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি), প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তবাংলা ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি দেয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তারা। পরে একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে।
পরে সকাল পৌনে ১১টার দিকে কর্মকর্তা সমিতি থেকে বেরিয়ে এসে নব গঠিত ‘অফিসার্স অ্যাসোসিয়েশন’র পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা ফুল দিতে গেলে কর্মকর্তা সমিতির সদস্যরা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। উভয় পক্ষের লোকজনকেই লাঠি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে দেখা যায়। এসময় বেদীতে থাকা ফুলের ডালি ভাঙচুর করে উভয় পক্ষ। পরে কর্মকর্তা সমিতির ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করে অফিসার্স ইউনিটের কর্মকর্তারা। এসময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। বিজয় দিবসে এধরণের ঘটনার ধিক্কার জানিয়ে দ্রুত তদন্ত করে বিচারের দাবি জানান তারা।
এর আগে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও একই কারণে হট্টগোল তৈরি করে এই কর্মকর্তারা।











