চার নেতা হত্যা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি পলাশের
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম : ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পাগলা বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস.এম.হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ।
পলাশ বলেন, জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এ ঘটনার সঙ্গে শুধু বিপথগামী সেনা সদস্য নয়, আরো যারা জড়িত রয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল। যারা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল, অচিরেই তাদের মুখোশ উন্মোচন করা হবে।
কাউসার আহম্মেদ পলাশ আরো বলেন, দিনটি ছিল জাতির জন্য কলঙ্কের। কারাগারের ভেতরে যেখানে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই জাতীয় এই চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে আমরা খুবই আশাবাদী এই ঘটনায় যাদের বিচার হয়েছে, তাদেরকে সরকার ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করবে। কারাবিধি লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় কারাগারে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কী ধরনের ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা উচিত। কেননা একজন অবৈধ হুকুম দিলেই আইনের বিপরীতে এ ধরনের কাজ করা অবশ্যই অপরাধ। আমি জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস ওয়ার্কার্স জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবীর হোসেন রাজু, ফতুল্লা থানা লোড-আনলোডের সভাপতি জাহাঙ্গীর আলম, পাগলা শাখার সহ সভাপতি আব্দুল করিম তাপু, সাধারন সম্পাদক জজ মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।











