সড়কের ইঞ্জিনিয়ারের পোষ্টিং এখন ঠিকাদারদের হাতে: ডিসি

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, সড়কের ঠিকাদাররা হাজার কোটি টাকার মালিক। এই মেইনটেইন এর জন্য টাকা বরাদ্দ থাকে। সড়কের এই মেইনটেইন খাতে টাকা থাকার ব্যবস্থা আরো ৫০ বছর আগে থেকে। মেইনটেইনের যে টাকা থাকে সেটা কখনো ব্যবহার হয় না। এখন সড়কের কোন কিছু ইঞ্জিনিয়ারের হাতে নেই, সব ঠিকাদারের কাছে চলে গেছে।
২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ডিসি আরও বলেন, সড়কের ইঞ্জিনিয়ারের পোষ্টিং কোথায় সেটাও চলে গেছে ঠিকাদারের হাতে। ঠিকাদার নির্ধারন করে কোন ইঞ্জিনিয়ার আনা হবে। একটি শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার দরকার আর বাংলাদেশে ৫ শতাংশের বেশি রাস্তা নেই, গড়ে ১ শতাংশ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. শামসুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ষ্টান্ড শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লা মিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম লিটন, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস মালিক ঐক্যজোট এর সভাপতি মুক্তার হোসেন, নিরাপদ সড়ক চাই এর নেতা ডা. আল ওয়াজিদুর রহমানসহ আরও অনেকে।











