১০দিন ধরে ঝুলে আছে না’গঞ্জের ৪ শতাধিক নমুনার ফলাফল!

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: করোনা নমুনা পরীক্ষার রেজাল্ট পেতে পেতে অনেক রোগী এখন চিকিৎসা না নিয়েই মৃত্যুর মুখে ঢলে পরছে! অনেকেই পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন ৬ ,৭ দিন হয়েছে কিন্তু এখনও তার ফলাফল আটকে আছে আইইডিসিআরে ।

 

নারায়ণগঞ্জ থেকে পাঠানো ৪ শতাধিক নমুনার ফলাফল এখনও আটকে আছে আইইডিসিআরে। এমনকি গত ২০ ও ২১ এপ্রিল পাঠানো কোন নমুনার ফলাফলই আসেনি নারায়ণগঞ্জে। এতে বিপাকে পড়েছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে অধিক নমুনা জমে যাওয়াতে গত বুধবার থেকে আইইডিসিআরে নয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন) নমুনা পাঠাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। পরদিন ২২ এপ্রিল ২০৩ জনের নমুনা পাঠানো হয়। এই দুইদিন পাঠানো নমুনার কোন ফলাফলই নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ পায়নি। এছাড়া ২৫, ২৬ ও ২৭ এপ্রিলেরও বেশ কয়েকটি নমুনার ফলাফল নারায়ণগঞ্জে পাঠানো হয়নি বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। সব মিলিয়ে এখনও চার শতাধিক নমুনার ফলাফল আইইডিসিআরে আটকে আছে। এত রিপোর্ট আটকে যাওয়াতে গত বুধবার থেকে আইইডিসিআরে নয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন) নমুনা পাঠাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রিপোর্ট আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বলেন, গত ২১ ও ২২ এপ্রিল পাঠানো নমুনার কোন ফলাফলই পাইনি। এছাড়া ২৫, ২৬ ও ২৭ এপ্রিলেরও কিছু নমুনার ফলাফল আটকে আছে। নমুনার ফলাফল জানতে লোকজন আমাদের ফোন দিচ্ছে কিন্তু আমরা কোন উত্তর দিতে পারছি না।

তিনি বলেন, আইইডিসিআরে নমুনা বেশি জমে যাওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগে জানানো হলে জেলার নমুনাগুলো জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানে পাঠাতে বলা হয়। গত বুধবার থেকে জেলার নমুনা সেখানে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, প্রায় চার শতাধিক নমুনা এখনও আটকে আছে আইইডিসিআরে। বিষয়টি উপর মহলে জানালে জেলায় সংগৃহীত নমুনাগুলো আইইডিসিআরে না পাঠিয়ে আইপিএইচএন এ পাঠানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশনা মোতাবেক আমরা সেখানেই নমুনা পাঠাচ্ছি।

এভাবে চলতে থাকলে রোগ নির্ণয়ের আগেই অনেক রোগী মারা যাবে এমটাই আশঙ্কা এখন সর্বমহলে !