সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের খুনি বড় ভাই আটক
সিদ্ধিরগঞ্জ প্রতিনি ধি, প্রেসবাংলা২৪ডটকম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিন পারা এলাকায় ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার ঘটনায় ঘাতক বড় ভাই আলী হোসেন (৪৬) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানার পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই আলী আহম্মদ কে ছুরিকাঘাত করে হত্যা করে বড় ভাই আলী হোসেন। ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে আজ সকালে তাকে সানারপাড় এলাকা থেকে আটক করা হয়।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৮ এপ্রিল বুধবার রাতে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন(৪৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে (৪৪) পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ পাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
নিহত আলী আহম্মদ নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিন পাড়া এলাকার মৃত: কমির উদ্দিনের ছেলে।











