আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে : মাওলানা ফেরদাউসুর রহমান

প্রেসবাংলা ২৪. কম : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, গত বুধবার (১১ নভেম্বর) রাতে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অশ্লীল ও অসামাজিক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। তবে ওই সময় তিনি ঢাকার বাইরে অবস্থান করায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ জানাতে পারেননি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ তাকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই বানোয়াট ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। এ ধরনের মানহানিকর ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি সর্বসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।











