জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম : মঙ্গলবার ( ১০ নভেম্বর ) বিকেলে ফতুল্লা শিবু মার্কেট এলাকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন, বিএনপির রাজনীতির মূল প্রাণশক্তি হলো এর ত্যাগী নেতাকর্মীরা। নেতারা গ্রুপিং সৃষ্টি করলেও ত্যাগী কর্মীরা কখনো বিভেদ তৈরি করেন না। যখনই বিএনপি কোনো সংকটে বা বিপদে পড়ে, তখন এই তৃণমূল কর্মীরাই রাজপথে নেমে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দলকে উত্তরণ করেন। দেশ যখন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত স্বৈরাচার বিদেশে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অর্থের বিনিময়ে একটি চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতা ঘটাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে চিহ্নিত করছি কারা আওয়ামী লীগের সাথে আঁতাত করছেন, কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচানোর জন্য থানায় তদবির করছেন। আমরা লিখিতভাবে তাদের নাম উল্লেখ করে কেন্দ্রে সরাসরি অভিযোগ পাঠাবো। ১৭ বছরের আন্দোলন ও ত্যাগের পর অর্জিত অর্জনকে ধরে রাখতে নেতাকর্মীদের সর্বক্ষণ সজাগ থাকতে হবে। যেকোনো পরিস্থিতিতে রাজপথে নামার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ষড়যন্ত্র এখনো পুরোপুরি থেমে যায়নি; তাই তৃণমূল পর্যায়ে সবাইকে যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ ফতুল্লা থানার অসংখ্য নেতৃবৃন্দ।











