বক্তাবলীতে ‘সত্যের আলো শান্তি সংঘ’-এর উদ্যোগে ৩ অসহায় পরিবারকে চিকিৎসা সহায়তা

প্রেসবাংলা ২৪. কম : ‘মানবতাই হোক মানবসেবা’—এই মানবিক মূলমন্ত্রকে ধারণ করে বক্তাবলী পরগনায় সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সত্যের আলো শান্তি সংঘ’। সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজ ১৯ অক্টোবর (সোমবার) স্থানীয় তিনটি অসচ্ছল ও অসহায় পরিবারের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, বিগত দুই দিনে (রবিবার ও সোমবার) তিনটি ভিন্ন ও জরুরি চিকিৎসার জন্য এই অনুদান সরাসরি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়। এর মধ্যে সংগঠনের অন্যতম সদস্য মোঃ ইয়াসিন শিকদারের মাধ্যমে একজন দরিদ্র ও অসহায় নারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া, সাড়ে চার বছরের এক শিশুর ব্রেন টিউমারের ব্যয়বহুল চিকিৎসার জন্য সংগঠনের নিবেদিত সদস্য মোঃ ইমতিয়াজের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে, জন্মগতভাবে একটি চোখ অন্ধ এবং অপর চোখটিও নষ্টের পথে থাকা চরম সংকটাপন্ন এক তরুণের চোখ রক্ষায় অর্থ সহায়তা দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত উপযুক্ত চিকিৎসা না পেলে তরুণটি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারাতে বসেছিল। সংগঠনের সদস্য এম. আর. সেলিমের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়।
সংগঠনের নিজস্ব তহবিল ও সম্মানিত সদস্যদের অর্থায়নে এই চিকিৎসা সহায়তা কর্মসূচিটি বাস্তবায়িত হয়। অনুদান হস্তান্তরের সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ‘সত্যের আলো শান্তি সংঘ’-এর আহ্বায়ক জনাব মোঃ সানাউল্লাহ মীর।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মোঃ তরিকুল ইসলাম বাবু, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইয়াসিন সিকদার, মোঃ সাইফুল্লা রিটন, এম. আর. কবি সেলিম এবং তৌফিক হাসান। এছাড়া প্রবাসে অবস্থান করেও পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান, পরামর্শ ও বিশেষ সহযোগিতা প্রদান করেন সংগঠনের অন্যতম সুহৃদ মোঃ কাউসার মহিদ আকাশ।
সফলভাবে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করতে পেরে সংগঠনের আহ্বায়ক ও সকল সদস্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। বক্তাবলী পরগনা সহ সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কল্যাণে ‘সত্যের আলো শান্তি সংঘ’-এর এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।











