নারায়ণগঞ্জে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঐতিহ্য রয়েছে’: এমপি আল আমিন

​প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা নারায়ণগঞ্জের যে কোনো কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় আমরা কাজ করি শুধু ধর্মীয় ব্যাপার না। হিন্দু ধর্মের ভাই বোনেরা আছেন, আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই উৎসবটা আপনাদের আত্মীয়-পরিজন সন্তান সবাইকে নিয়ে আনন্দের সাথে কাটুক এবং আপনারা আনন্দ, নিরাপত্তা এবং মর্যাদাসহ এই উদযাপনটা আপনারা করেন এটা আমরা চাই।

নারায়ণগঞ্জে আশা করি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার সুযোগ নেই, আমরা এটা হইতে দিব না।”

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শকালে নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া সার্বজনীন পূজামণ্ডপে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নাগরিক অধিকার ও সাম্যের কথা উল্লেখ করে সংসদ সদস্য আরও বলেন, “বাংলাদেশের নাগরিক হিসেবে কে সনাতন ধর্মের, কে ইসলাম ধর্মের এই পার্থক্য করার সুযোগ নাই। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এনসিপি সবসময় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আছে। প্রশাসনের যারা আছেন, তারাও যথেষ্ট দায়িত্বশীল এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আছেন। আমরা আশা করি একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।”

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার বলেন, “বাংলাদেশ এমন একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে স্বাধীনতার জন্য লড়াই করেছিল। এ দেশটি কোনো একটি ধর্ম বা জাতিগোষ্ঠীর জন্য জন্ম হয়নি। আমরা নারায়ণগঞ্জে সবসময় মুসলমান এবং হিন্দু সম্প্রদায় একসাথে বসবাস করেছি। কে কোন ধর্মের বা জাতের—এই তফাতের চাইতে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে চাই।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা শাখার সদস্য সচিব সারফরাজ হক সজিব এবং মুখ্য সংগঠক নূরজামাল হাসানসহ এনসিপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।