দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির আলো ছড়িয়ে পড়ুক সকলের মাঝে : লিটন চন্দ্র পাল
প্রেসবাংলা ২৪. কম : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন চন্দ্র পাল।
এক শুভেচ্ছা বার্তায় লিটন চন্দ্র পাল বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আজ সকল ধর্মের মানুষের এক মহামিলনোৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠার বার্তা নিয়ে মর্ত্যলোকে আগমন ঘটে দেবী দুর্গার। দেবীর আগমনে সমাজে বিরাজমান হিংসা, বিদ্বেষ, অন্যায় ও বৈষম্য দূর হয়ে শান্তিময় পরিবেশ বিরাজ করুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সবসময় অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজার এই আনন্দ ও আলো নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”
উৎসবে সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং সুন্দর ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে নারায়ণগঞ্জবাসীসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন লিটন চন্দ্র পাল। একই সাথে তিনি দেশের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন।











