আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগানের প্রতিবাদে নারায়ণগঞ্জে আইনজীবী ফোরামের বিক্ষোভ

“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত নেতাদের জয়বাংলা স্লোগানে লাথি মারো, বাংলাদেশ জিন্দাবাদ কায়েম করো, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান” এ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে নারায়ণগঞ্জ বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আইনজীবী ফোরামের উদ্যোগে সমিতির বার ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে রয়েছে। ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত যে ম্যাসাকার আপনারা চালিয়েছেন তাতে শিকার হয়েছে এ বাংলা ছাত্র, যুব সমাজ সহ শ্রমজীবী সাধারণ মানুষ। সেই রক্তের কথা এ বাংলার মানুষ ভুলে যায় নি।
আজকে তারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা যে মানবতা দেখাচ্ছি সেটাকে তারা দূর্বলতা হিসেবে দেখছে। কোন ফ্যাসিস্টকে এই বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না। আমরা বলেছি আইন সবার জন্য সমান কিন্তু আপনি আদালত অঙ্গনে এসে রাজনীতি করতে চাচ্ছেন, ঐ ফ্যাসিস্ট স্বৈরাচারকে আপনি পূর্ণবাসিত করতে চাচ্ছেন। নারায়ণগঞ্জের মানুষ আপনার সেই অভিলাস পূর্ণ হতে দিবে না। যারা স্লোগান দিয়েছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত এক নেত্রী আদালত অঙ্গনে লুকোচুরি করে জয়বাংলা স্লোগান দিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাবেক মেয়রকে বলতে চাই আমরা আপনাকে শান্তিতে ঘুমাতে দিয়েছি আপনি শান্তিতে ঘুমান। যদি আপনি কোন নয়-ছয় করেন আর নিষিদ্ধ স্লোগান জয়বাংলা দিয়ে নারায়ণগঞ্জ উত্তপ্ত করতে চান তাহলে আপনার হোয়াইট হাউসের একটি ইটও থাকবেনা।
একজন ভারতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আপনি ভালো থাকবেন কিনা সে বিষয়ে সন্দিহান রয়েছে। যদি আপনি পরবর্তীতে জয়বাংলা স্লোগান দেওয়ার দুঃসাহস দেখান তবে আপনকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে বের হয়ে পুরো আদালত অঙ্গন প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, এড. মশিউর রহমান, এড. মির্জা গালিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ, শহিদুল ইসলাম টিটু সহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।











