নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও ভেন্ডিং মেশিন বিতরণ

‎প্রেসবাংলা ২৪. কম : কিশোরীদের স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করা হয় করা হয়। Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত কর্মসূচিতে উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

‎কর্মশালায় কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, মাসিককালীন পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা এ চৌধুরী

‎কর্মশালা শেষে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়। এসব মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনের সময়ে সহজে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে বলে আয়োজকরা জানান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

‎সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন সভাপতিত্বে  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অধ্যক্ষ সেলিনা এ চৌধুরী, চাইল্ড রাইটস অফিসার ‎পিভিএইচপি প্রকল্প নাসরিন আক্তার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মাসুদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী নেটওয়াক ইঞ্জিনিয়ার আল-আমিন প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কিশোরীদের সুস্থতা দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিরাপদ স্যানিটেশন ঘিরে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে হবে।

‎তিনি বলেন, কিশোরীদের যেন বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে বা অস্বস্তিতে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্যানিটারি প্যাডের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎জেলা প্রশাসক আরও বলেন, একজন কিশোরী সুস্থ থাকলে তার পড়াশোনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ জীবনও ইতিবাচকভাবে এগিয়ে যায়। স্বাস্থ্যগত কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে জন্য Climate Resilient Campus Initiative-এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সঠিক ধারণা তৈরি করা এখন সময়ের দাবি। বিশেষ করে প্রয়োজনীয় সময়ে স্যানিটেশন সুবিধার অভাবে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে সমস্যার মুখোমুখি হয়।

‎তিনি বলেন, কর্মশালায় অংশ নেওয়া ৩৩টি প্রতিষ্ঠানের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে অন্য শিক্ষার্থীদের মধ্যেও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেবেন। পর্যায়ক্রমে সদর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

‎বক্তারা বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এর সঙ্গে তাদের শিক্ষা, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ কর্মজীবন ও সামগ্রিক সামাজিক উন্নয়ন জড়িত। তাই বিদ্যালয় পর্যায় থেকেই স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।