মাওলানা আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জে হেফাজতের পূর্ণাঙ্গ জেলা ও মহানগর কমিটি

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জে নেতাদের মধ্যে বিভক্তির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের একাংশের উদ্যোগে পৃথকভাবে জেলা ও মহানগরের ১৫১ সদস্যের দুটি কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ দুই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হেফাজতভুক্ত ইসলামী দল, বিভিন্ন থানা থেকে নেওয়া তালিকা, বড় মাদ্রাসা ও তাবলিগ জামাতের সমন্বয়ে জেলা ও মহানগরের কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিতে কয়েকটি পদ খালি রাখা হয়েছে। পরবর্তী সময়ে এসব পদে দায়িত্ব দেওয়া হবে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সেক্রেটারি মুফতী বশীরুল্লাহ, মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, জেলা সহসভাপতি মাওলানা মুফিজুল ইসলাম ও মাওলানা উবাইদুল কাদের নদভী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহসেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহসেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহসেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহসাংগঠনিক সম্পাদক মুফতী কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ ও মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে ২৬ আগস্ট বিকেলে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে এক সভা শেষে জেলা ও মহানগরের আংশিক কমিটির নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ ওই সময় নেতৃত্বের নাম ঘোষণা করেন।
তখন আংশিক ঘোষিত জেলা কমিটির সভাপতি করা হয় ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিরও নায়েবে আমীর এবং এর আগেও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছিলেন।
এ ছাড়া জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।











