১৫ জুন শুরু হচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’

প্রেসবাংলা ২৪. কম : “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং Climate Resilient Campus Initiative-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সহযোগী সংগঠন লজিক অফ বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’।

বৃহস্পতিবার (১১ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষক উৎসবে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ে ২৮টি দল অংশ নেবে।

আগামী ১৫ জুন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর টানা আটদিনব্যাপী প্রতিযোগিতা শেষে আগামী ২২ জুন সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

আয়োজকরা জানান, নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সেরা দুটি দল গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বিশ্লেষণী চিন্তাভাবনা, নেতৃত্বগুণ এবং যুক্তিনির্ভর আলোচনার চর্চা আরও বিকশিত হবে।

এছাড়া এ আয়োজন নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের টেলিভিশন ও বেতার বিতর্কে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, উৎসবের সার্বিক মান, শৃঙ্খলা ও সফলতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং লজিক অফ বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।