ইরানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

প্রেসবাংলা ২৪. কম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তিনি বলেন, দেশে নতুন পার্লামেন্ট বসছে, সেখানে এই হামলার বিরুদ্ধে দ্রুত নিন্দা প্রস্তাব আনতে হবে। রমজান মাসে শিশু ও হাসপাতালে রোগী হত্যার ঘটনার প্রতিবাদ জানানো জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সংযম বা যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে। বিশ্ব মুসলিম ও নিপীড়িত মানুষ ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে বলেও তিনি দাবি করেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখা। মিছিলে দলীয় নেতাকর্মীরা ইরানে হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ অন্যান্য নেতাকর্মীরা।