সিদ্ধিরগঞ্জে দিনভর গণসংযোগে নান্নু মুন্সির বটগাছ মার্কার জয়জয়কার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি।
রবিবার (৮ ফেব্রুয়ারী) নাসিক ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী পথসভা ও নির্বাচনী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি বটগাছ মার্কা নিয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান।
দিনভর এই কর্মসূচিতে আতিকুর রহমান নান্নু মুন্সি সরাসরি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুখ-দুঃখ, সমস্যা ও দীর্ঘদিনের দাবি দাওয়া। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে জলাবদ্ধতা, বেকারত্ব, মাদক, সন্ত্রাস ও নাগরিক সেবা সংকটের কথা। এসব সমস্যার সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পথসভাগুলো ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মিছিল র্যালীতে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে পরিণত হয় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক ও অলিগলি।
এসময় আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন,“আমি রাজনীতি করি মানুষের জন্য। এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সিদ্ধিরগঞ্জের মানুষ আর বঞ্চিত থাকবে না—এই প্রতিশ্রুতি নিয়েই আমি মাঠে নেমেছি।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এভাবে সরাসরি জনগণের সঙ্গে মিশে কথা বলতে দেখা যাচ্ছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তনের জন্য এবার তারা যোগ্য নেতৃত্বকেই পাশে চান।
উল্লেখ্য, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ-৩ আসনে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন চলছে আতিকুর রহমান নান্নু মুন্সির ব্যাপক গণসংযোগ কর্মসূচি।











