শিক্ষার্থীরা চরম হতাশা ও বৈষম্যের শিকার হচ্ছে : রবিন

প্রাথমিক বৃত্তি পরিক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ন্তভূক্ত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বৃত্তি পরিক্ষা উপলক্ষ্যে গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে এবারের বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে উল্লেখ করা হয়। যা কিনা দেশের লক্ষাধিক কিন্ডারগার্টেন, বেসরকারী ও এমপিও বহির্ভূত বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম হতাশা ও বৈষম্যের শিকার হয়েছে। বৃত্তি শুধু একটি আর্থিক সহায়তা নয়, একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও ভবিষ্যতের অগ্রগতির অনুপ্রেরণা। কিন্তু এই প্রজ্ঞাপন তার মানসিক উন্নয়নে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গঠনের অঙ্গীকার করে আসছে। কিন্তু এই প্রজ্ঞাপন সেই অঙ্গীকারের পরিপন্থী। তাই প্রজ্ঞাপনটি বাতিল করে বৃত্তি পরিক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহিত সকল ক্ষেত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার যেন ক্ষুন্ন থাকে সে ব্যাপারে দৃষ্টি দেয়ার জন্য দাবী জানান নেতৃবৃন্দ।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানার কয়েকটি কিন্ডারগার্টেন ও বেসরকারী স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











