কাজের মধ্যেই নিজের মানবিকতা প্রকাশ পায় : ডিসি নারায়ণগঞ্জ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জেলায় যোগদানের ছয় মাস পূর্তি উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সামনে নিজেই হাজির হয়ে তার কর্মকাণ্ড সম্পর্কে জানান দিলেন। তার এই আয়োজনকে সম্পূর্ণ ব্যতিক্রমী উল্লেখ করে জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
যানজটকে নারায়ণগঞ্জ জেলার প্রধান সমস্যা হিসেবে আখ্যায়িত করে এই সমস্যার স্থায়ী সমাধানে সাংবাদিকদের সহয়তা কামনা করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দায়িত্ব পালনে তাকে সার্বিক সহয়তার জন্য। জেলার অভিভাবক হিসেবে স্থানীয় সাংবাদিকগণ জেলা প্রশাসককে বিভিন্ন পরামর্শ দেন। তিনি তাদের প্রতিটি মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় নোট নেন।
অনুষ্ঠানের শুরুতেই তিনি বিগত ছয় মাসে নারায়ণগঞ্জের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। জেলা প্রশাসক তার গৃহীত ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মসূচির স্লোগান-সমৃদ্ধ টোকেন উপহার হিসেবে তুলে দেন।
জেলা প্রশাসক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত ছয় মাসে রুটিন কাজের বাইরে সম্পন্ন হওয়া জনগুরুত্বপূর্ণ কাজগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন।তিনি এ সময় বাংলাদেশে সব জেলার আগে নারায়ণগনঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা উল্লেখ করেন।











