রূপগঞ্জ থেকে বিদেশি পিস্তল সহ ৯ জন গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ জয়নাল বাহিনীর প্রধান জয়নাল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চনপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন (৪২), হোসেন আলীর ছেলে কাউছার (২৬) ও চান মিয়ার ছেলে আলম (২৫)।
আসামিদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি জয়নালের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা, প্রতারনা, বিস্ফোরক দ্রব্যসহ মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, চনপাড়া এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী যত রকমের কার্যক্রম সংঘটিত হয় তা আসামি জয়নালের নেতৃত্বে হয়ে থাকে। এ অভিযানে আসামি জয়নালের আরো ০৬ (ছয়) সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।











