দেশের মানুষ আজকে বড় অসহায় : মুকুল

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, দেশের মানুষ আজকে বড় অসহায়। তারা কথা বলতে পারেনা। তবে, কথা বলতে হবে। কথা না বললে, আজকের এই সরকারকে পতন করা যাবেনা। কথা বলতেই হবে। আজকে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, আমরা কেউই শান্তিতে নেই। দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে। মানুষ একবেলা খেতে পারলে, দুই বেলা পারেনা। মানুষ ভয়াবহ রকমের অসহায়ত্ব বরণ করে জীবনযাপন করছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ব্রিজের সামনে থেকে একটি পদযাত্রা বের করেন মহানগর বিএনপির নেতা ও কর্মীরা। ১০ দফা দাবিতে অনুষ্ঠিত এই পদযাত্রাটি শহরের বঙ্গবন্ধু সড়ক ঘুরে নিতাইগঞ্জে অবস্থিত নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে, আতাউর রহমান মুকুল এসব কথা বলেন।

 

আতাউর রহমান মুকুল বলেন, আপনারা সকলেই জানেন যে, জিয়াউর রহমান কতো সৎ একজন রাজনীতিবিদ ছিলেন। বেগম খালেদা জিয়া কতো ভালো একজন রাজনীতিবিদ ছিলেন। কিন্তু আজকে বেগম জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, বাংলাদেশে বিগত দিনে আমরা (বিএনপি) বেশ কয়েকটি বড় কর্মসূচি অথবা মহাসমাবেশ পালন করেছি। এগুলোর কোনোটাতেই কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। কিন্তু সরকারি নেতারা বলে আমরা নাকি, জ্বালাও পোরাও করি! আমরা যখন আন্দোলনের ডাক দেই, তখন তারা (আওয়ামীলীগ) এজেন্টের মাধ্যমে জ্বালাও পোরাও করে, বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ও হামলা করে আমাদের নিষ্কৃয় করতে চায়। কিন্তু বিএনপির একটি নেতাকেও আন্দোলন সংগ্রাম থেকে নিষ্কৃয় করা যাবেনা। এই সরকারকে পতন না করে, কেউ ঘরে ফিরবে না।

তিনি আরো বলেন, আমরা শুধু বিএনপির নেতাকর্মীদের নিয়েই রাজনীতি করবো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, দলীয় রাজনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে। তাই আমরা জনগণকে নিয়েই মাঠে আন্দোলন করছি। একদিন এই জনগণকে সাথে নিয়েই সরকারকে পতন করে ঘরে ফিরবো। আওয়ামীলীগ ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল। এরা বিরোধীদল এবং মতকে দমানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র করতে পারে। আপনারা দেখেছেন কিভাবে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আরো নেতাদের গুম করা হয়েছে। এই সরকারের মন্ত্রী এমপিরা আজকে দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশকে অর্থনৈতিক ভাবে দুর্বল করে দিয়েছে।

এ সময় আতাউর রহমান মুকুল ছাড়াও পদযাত্রা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এড. জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, এইচ. এম. মামুন, হাজী নুরউদ্দিন, মোস্তাকুর রমহাম মোস্তাক প্রমুখ।