সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ক্লিনিককে জরিমানা ও জুতা কারখানা সিলগালা

সিদ্ধিরগঞ্জে একটি ক্লিনিককে জরিমানা ও জুতা কারখানা সিলগালা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা ও একটি জুতার কারখানা সাময়িক সিলগালা করা হয়েছে।

নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে রবিবার (৪ আগষ্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

অভিযান বিষয়ে মো. সেলিমুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় ইপিক ফুটওয়্যার নামে একটি জুতা কারখানায় অনুমোদন বিহীন জুতা তৈরির অপরাধের কারখানাটি সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে।

এছাড়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাস স্ট্যান্ডে মহানগর মা ও শিশু হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।