মধ্যরাতে শাওনের লাশ দাফন, শোকার্ত মায়ের আহাজারি!

মধ্যরাতে শাওনের লাশ দাফন, শোকার্ত মায়ের আহাজারি!

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল নেতা শাওনের লাশ মধ্যরাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ বাড়িতে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাশ পৌছার পর শাওনের মা পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। তাঁর আহাজারিতে আশেপাশের বাতাস ভারী হয়ে আসে। এসময় আত্মীয় স্বজনরা তাঁকে সান্তনা দেওয়ার চেষ্টা করে।

পরিবারের কাছে মধ্যরাতে লাশ হস্তান্তরের পর রাত ১:৩০মিনিটে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে  নিহত শাওনকে দাফন করা হয়।

এদিকে লাশ হস্তান্তর করতে দেরি হওয়ায় গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বিকেলেই । লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশের নির্দেশ পেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এর বেশি তিনি বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, ময়নাতদন্তে শাওনের দেহে কোনো বুলেট পাওয়া যায়নি। তবে ক্ষত পাওয়া গেছে। সেটি বুলেটেরও হতে পারে, অন্য কিছুরও হতে পারে। বুকের বাম পাশে ছোট ছিদ্র আর পিছন দিকে বড় ছিদ্র। এতে প্রতিয়মান হয় যে শাওনের বুকে গুলিবিদ্ধ হয়ে পিছনের পিঠ দিয়ে তা বেড়িয়ে গেছে ।

এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, শাওন আমার চাচাতো ভাইয়ের ছেলে। তার লাশ নবীনগর গ্রামে দাফন করা হবে। সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, ছেলের শোকে শাওনের মা পাগলপ্রায়। তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মামলা সংক্রান্ত বিষয়টি নিহতে ব্যক্তির পরিবারসহ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে নিহত ব্যক্তির বড় ভাই ফরহাদ বলেন, ‘ওর কপালে ছিল এইভাবে মৃত্যু হবে, হয়েছে। আমরা কাকে দোষ দেব ? আমাদের কাছে শুধু লাশ বুঝিয়ে দেওয়া হলে নিয়ে দাফন করব।’

বিকেলে শাওনের লাশের ময়নাতদন্তের পর রাত ১২ ০৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানার দারোগা রুবেলের নেতৃত্বে পুলিশের একটি টিম জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গের সামনে এবং হাসপাতাল গেইটে অবস্থান নেয়৷ এরপর একে একে পুলিশের তিনটি গাড়িতে সাদা পোষাক, ডিবি পুলিশের পোশাক এবং পুলিশের পোষাকে একদল পুলিশ হাসপাতালের সামনে অবস্থান নেয়৷ অপর একটি পুলিশের গাড়িতে আসেন নিহতের স্বজনরা ।

এরপর মধ্যরাত ১২ টার পর হাসপাতালের মর্গে থেকে স্বজনদের নিয়ে এম্বুলেন্সযোগে পুলিশের কড়া প্রহরায় নিহত শাওনের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। রাত দেড়টায় ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত: বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির ও পুলিশের সাথে  সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন প্রধান। এ ঘটনায় পথচারীসহ গুলিবিদ্ধ হয়েছেন ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।