থানার সামনে আগুনে যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আনন্দ ভূঁইয়া (২৭) নামের এক যুবক। শনিবার (১৮ জুন) বিকেলে আড়াইহাজার থানা গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার দৌড়ে এসে ওই যুবককে রক্ষা করেন। আনন্দ ভূঁইয়া উপজেলার পাঁচরুখী গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, থানার সামনের রাস্তায় এক যুবক শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি। যার কারণে সে আগুন দিতে পারেনি। পরে তাকে সাবান দিয়ে গোসল করাই এবং আমাদের হেফাজতে নিই।
ওসি আরও বলেন, পরে ওই যুবকের কাছে আগুন দেওয়ার কারণ জানতে চাইলে সে বলে, তার স্ত্রী বাচ্চাকে নিয়ে ভোরবেলা পালিয়ে গেছে। ফোন দিলে তাকে পায় না। রাগে-দুঃখে রাস্তায় আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। এখন থানায় তার স্ত্রী ও শ্বশুর আসছেন। তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি।











