খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞ : এড. তৈমূর

খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞ : এড. তৈমূর

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমাদের দলের আজ দুর্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞ। তারেক রহমানকে মেনেই আমি রাজনীতি করছিলাম, করি, করবো। আগামীতেও আমি থাকবো। এতদিন যেভাবে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। সব ধরনের ভয়ভীতি, বহিষ্কার, গ্রেফতার, লাঞ্ছিত—সব উপেক্ষা করে আপনারা আমার সঙ্গে ছিলেন। নির্বাচনের শেষ পর্যন্ত আপনারা নির্বাচনটা করেছেন। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও এ ঋণ শোধ হবে না।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তৈমূর আলম খন্দকার। নাসিক নির্বাচন পরবর্তী ‘ইভিএম মেশিনে ভোট, জাতির জন্য অশনিসংকেত’ শীর্ষক এ আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, একটা লোক অ্যারেস্ট হলে এলাকাটা কানা হয়ে যায়। হাতির ব্যাজ যার কাছে পেয়েছে তাকেই ধরা হয়েছে। এভাবে তারা আমার ওপর জুলুম অত্যাচার করলো। জুলুম না করলে সরকারকে বুঝিয়ে দিতাম, জাহাঙ্গীর কবির নানককে বুঝিয়ে দিতাম ঘুঘুর ফাঁদ কোথায় আছে।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আরও বলেন, আমাকে বলে নারায়ণগঞ্জে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়নের সঙ্গে সুশাসন না থাকলে জনগণ লাভবান হয় না। প্রধানমন্ত্রীও বলেন দেশে অনেক উন্নয়ন হয়েছে তবে দেশে কোনো সুশাসন নেই। সুশাসন না থাকলে জনগণ উন্নয়নটা ভোগ করতে পারে না। একটা গ্রুপ সেটা ভোগ করে। আওয়ামী লীগের সবাইও এটা ভোগ করে না। আওয়ামী লীগেও একটা অংশ আছে যারা নির্যাতিত। কিন্তু যারা প্রধানমন্ত্রী পরিবারের আশীর্বাদপুষ্ট তারাই সুবিধা ভোগ করে।’