আইভীর পক্ষে কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতাদের প্রচারণা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণা চালিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে শহরে গণসংযোগ করেছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
রোববার (২ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের দুই নং রেলগেইটে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে আসেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
পরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহরে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
গণসংযোগটি আওয়ামীলীগের পার্টি অফিস থেকে আরম্ভ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে আগামী ১৬ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় ভাবে অনুমোদিত কমিটি। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি না বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের সুপারিশক্রমে এই দেওয়া হয়েছে। সুতরাং এই কমিটি নিয়ে বিরোধীতা করে নিজের মধ্যে বিরোধ সৃষ্টি করবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বায়ক কমিটির সাথে কাজ করার আহ্বান করছি।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি মো. হুমায়ূন কবির, সহ-সভাপতি মো. মহসীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান আহাম্মদ, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।











