গুলি ছুড়তে বাধ্য করবেন না : ডিসি মোস্তাইন বিল্লাহ

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, আল্লাহ পাক হাজির-নাজির করে বলছি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ হবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যালেট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না।  আগে উনিশ-কুড়ি যাইহোক এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আড়াইহাজার উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রুপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমামন। এতে উপজেলার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী দেয়া হবে। কোনো অনিয়ম করতে দেয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ অনিয়ম করলে জেলখানায় বসে নির্বাচন করতে হবে।